বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশার জয়, রাশিদুল কবির রাশেদের শুভেচ্ছা
- Update Time : ১১:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক,
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল কবির রাশেদ।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ উপনির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৪৯ শতাংশ।
তবে নির্বাচন শেষে ফলাফল শিটে স্বাক্ষর গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট কেন্দ্র ছিল ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।













