বগুড়া সদরের নবনির্বাচিত এমপি রেজাউল করিম বাদশাকে বিএনপি নেতা নুর মোহাম্মদ রিপনের অভিনন্দন
- Update Time : ১০:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক,
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এ বিজয়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
এ উপলক্ষে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রিপন এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। তিনি বলেন,এই বিজয় জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। আমরা আশা করি, তিনি বগুড়ার উন্নয়ন ও গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রেজাউল করিম বাদশা মোট ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৫৬ হাজার ৯০৪ ভোট। এতে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় বিএনপি প্রার্থীর।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ উপনির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৪৯ শতাংশ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট শেষে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি ফলাফল শিটে স্বাক্ষর গ্রহণসহ কয়েকটি বিষয়ে আপত্তি জানান।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।
২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি এবং বুথের সংখ্যা ছিল ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।











