বগুড়ায় স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে পদ ফিরে পেলেন জেলা যুবদলের পাঁচ নেতা
- Update Time : ০৬:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ২৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক,
বগুড়া জেলা যুবদলের পাঁচ নেতার উপর আরোপিত দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
এর আগে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় আজ ২৩ জুন (সোমবার) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদকের প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা যুবদলের পাঁচ নেতার স্থগিতাদেশ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
যারা স্থগিতাদেশ থেকে অব্যাহতি পেয়েছেন তারা হলেন, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ইনছান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব সেলিম, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা এবং সদস্য মো. সজল হোসাইন রহমত।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যে অভিযোগে এই পাঁচ নেতাকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিলো তা নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় যুবদল। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি ওই পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।













