
নিজস্ব প্রতিবেদক,
বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক জিতু ইসলাম , তাঁর সহযোগী শফিকুল হাসান বিপ্লব এবং মতিউর রহমান মতি।
শনিবার (১৪ জুন) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
শহরের শিববাটি এলাকার বাসিন্দা রিকশাচালক শাকিল আহম্মেদের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন জিতু ইসলাম। জিতুর বয়স বেশির কারণে শাকিল আহম্মেদ মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। সেই রাগে শনিবার দুপুরের পর জিতু ও তাঁর লোকজন শাকিলকে বাড়ি থেকে তুলে নিয় যান। শহরের ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে জিতু মারধর করে তাঁকে ফেলে রেখে যান। উদ্ধারের পরে হাসপাতালে নেওয়ার পর শাকিল মারা যান।
জানা যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিতু ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি নেতারা জিতু ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।