বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
- Update Time : ০১:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৪ Time View

স্টাফ রিপোর্টার,
অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক সাড়ে ৪টায় ক্যাপ্টেন জানে আলম সাদিফ (৪০ বীর)-এর নেতৃত্বে যৌথ বাহিনী শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৫)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আতিকুর রহমান মনসুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
যৌথ বাহিনী সূত্র জানায়, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য শাজাহানপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।












