অজ্ঞাত চক্রের এআই ব্ল্যাকমেইল: বিএনপি প্রার্থী মোশারফের থানায় জিডি
- Update Time : ০২:২০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ৮২ Time View

স্টাফ রিপোর্টার,
- বগুড়া-৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনের বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে টার্গেট করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার নতুন কৌশলের অভিযোগ উঠেছে। অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁকে সামাজিকভাবে হেয় করার হুমকি দিয়ে বিপুল অঙ্কের চাঁদা দাবি করেছে। এ ঘটনায় তাঁর পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার রাতে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন থানায় জিডিটি দায়ের করেন। থানার উপপরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ভুয়া অনলাইন অ্যাকাউন্ট থেকে নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল। নির্বাচন ঘনিয়ে আসার পর এসব তৎপরতা আরও বাড়তে থাকে। এরই মধ্যে গতকাল সকালে একটি বিদেশি নম্বর থেকে মোশারফ হোসেনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। বার্তায় তাঁকে একটি অনৈতিক প্রস্তাব দেওয়া হয়, তা প্রত্যাখ্যান করলে এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর সঙ্গে আপত্তিকর ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়।
ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন বলেন,
“নির্বাচন সামনে রেখে আমাকে নিয়ে একের পর এক পরিকল্পিত চক্রান্ত চালানো হচ্ছে। জনসমর্থন দেখে একটি চক্র আতঙ্কিত হয়ে পড়েছে। আমাকে বিভ্রান্ত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান,
“এআই প্রযুক্তি ব্যবহার করে যে ধরনের ধোঁকাবাজি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি আইনের আওতায় আনার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।”
এদিকে এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা এই ঘটনাকে নির্বাচনের মাঠে চাপ সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলে মন্তব্য করেছেন।
তবে এখন পর্যন্ত কারা এই হুমকির সঙ্গে যুক্ত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বগুড়া সদর থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর কার্যক্রমও যাচাই করা হচ্ছে।












